পুরুলিয়ার তুর্গা ফলস

20260127_123815.jpg

কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম পুরুলিয়ার বিখ্যাত তুর্গা ফলস-এ। শহরের কোলাহল থেকে দূরে, প্রকৃতির নিস্তব্ধতার মাঝে এই জায়গাটা যেন এক অন্য জগৎ। সেখানে কাটানো কয়েকটা মুহূর্ত আজও মনে শান্তির ছোঁয়া দিয়ে যায়। পুরুলিয়ার পথে ভ্রমণ এক অসাধারণ অভিজ্ঞতা। রাস্তার দু’পাশে সবুজ গাছপালা, পাহাড়ি আবহাওয়া আর নির্মল বাতাস, সব মিলিয়ে যাত্রাটা হয়ে উঠেছিল বেশ উপভোগ্য। তুর্গা ফলসের দিকে এগোতে এগোতে মনে হচ্ছিল যেন ধীরে ধীরে প্রকৃতির এক গভীর সৌন্দর্যের দিকে প্রবেশ করছি। তুর্গা ফলস খুব বড় না হলেও এর নিজস্ব একটা আকর্ষণ আছে। পাথরের উপর দিয়ে বয়ে যাওয়া স্বচ্ছ জলের ধারা, চারপাশে ঘন সবুজ গাছপালা- সব মিলিয়ে এক শান্ত পরিবেশ তৈরি করেছিলো।

পাথরের উপর বসে জলের শব্দ শুনতে শুনতে সময় যেন থমকে গিয়েছিল। একটা বিষয় লক্ষ্য করলাম, অনেকেই এখানে এসে জলে নেমে আনন্দ করছে, কেউ ছবি তুলছে, কেউ আবার শুধু বসে প্রকৃতিকে উপভোগ করছে। তো দেখেও ভালো লাগছিল, আর আমিও সেই মুহূর্তগুলো ক্যামেরায় ধরে রাখার চেষ্টা করেছি। পাথরের টেক্সচার, জলের প্রবাহ আর আলো-ছায়ার খেলা, সব কিছু মিলে ছবিগুলো একদম জীবন্ত হয়ে উঠেছিল। বিশেষ করে দুপুরের রোদে পাথরের উপর জলের ঝিলিক সত্যিই অসাধারণ লাগে। তুর্গা ফলস শুধু একটা ঘোরার জায়গা না, এটা এমন একটা স্থান যেখানে নিজের সাথে কিছুটা সময় কাটাতে পারলে মনের দিক থেকে একটা পরম শান্তি পাওয়া যায়।